সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বোলারদের দাপট, আফগানদের ১৪৩ রানেই থামাল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ১০:৩৯ পিএম

বোলারদের দাপট, আফগানদের ১৪৩ রানেই থামাল বাংলাদেশ

ছবি - সংগৃহীত

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নেমে নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানকে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানেই আটকে দিয়েছে টাইগাররা। সিরিজ জিততে ও আফগানদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। পাওয়ারপ্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় জুটি গড়তে ব্যর্থ হয় রশিদ খানের দল। একটা সময়ে ৯৮ রানে ৮ উইকেট হারিয়ে অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল তারা। তবে শেষদিকে মুজিব উর রহমানের ১৮ বলে ২৩ রানের ক্যামিও ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন দারউইশ রাসুলি।

বাংলাদেশের বোলাররা শুরু থেকেই আঁটসাঁট বোলিং করে আফগান ব্যাটারদের চাপে রাখেন। দলের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব ২টি করে এবং শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন একটি করে উইকেট লাভ করেন।

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ জিততে পারলেই প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের ইতিহাস গড়বে টাইগাররা।