রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মোবাইল আসক্তি কাটাতে হরিপুরে শিশুদের মাঝে ফুটবল বিতরণ

মো: হামিম রানা

অক্টোবর ৬, ২০২৫, ০৬:৪৪ পিএম

মোবাইল আসক্তি কাটাতে হরিপুরে শিশুদের মাঝে ফুটবল বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

বর্তমান সময়ে শিশু-কিশোরদের মোবাইল ও অনলাইন গেমে আসক্তি বাড়ছে, যা তাদের খেলাধুলা ও সামাজিক বিকাশ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে শিশুদের মাঠে ফেরাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১নং গেদুরাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম।

তিনি নিজ উদ্যোগে স্থানীয় বিভিন্ন বিদ্যালয় ও এলাকার শিশুদের মাঝে ফুটবল বিতরণ করছেন।

চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম মনে করেন, খেলাধুলা শিশুদের শুধু আনন্দ দেয় না, তাদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের মোবাইলের আসক্তি থেকে দূরে রেখে মাঠে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।"

ফুটবল হাতে পেয়ে শিশুদের চোখে-মুখে উচ্ছ্বাস ও আনন্দের ঝলক দেখা যায়। অভিভাবকরাও এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মাঠে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।

চেয়ারম্যান তরিকুল ইসলাম জানিয়েছেন, ভবিষ্যতেও তিনি এই ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখবেন। তার আহ্বান—"মোবাইল নয়, মাঠই হোক শিশুদের প্রিয় জায়গা।"