অক্টোবর ১২, ২০২৫, ০৯:০৯ পিএম
আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৯ রানে অলআউট হয়ে ৮১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ হাতছাড়া হলো টাইগারদের। ম্যাচ শেষে দলের এমন ব্যাটিং বিপর্যয়ের জন্য ব্যাটারদের ‘দায়িত্বহীনতা’কেই দায়ী করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।শনিবার (১১ অক্টোবর) রাতে আবুধাবিতে ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত অকপটে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নেন।
বোলারদের প্রশংসা করে তিনি বলেন, “আমার মনে হয়, আমরা দারুণ বোলিং করেছি। এই লক্ষ্য তাড়া করা আমাদের উচিত ছিল। কিন্তু আমরা খুবই বাজে ব্যাটিং করেছি।”অধিনায়ক বলেন, “আমি প্রথম ম্যাচের পরও বলেছিলাম যে, টপ অর্ডারে আমাদের বড় জুটি দরকার। কিন্তু সেটা আমরা করতে পারিনি। জুটি গড়ার শুরু করেও আমরা দায়িত্ব নিতে পারিনি। এটাই আমাদের মূল সমস্যা। আমাদের ব্যাটাররা পর্যাপ্ত দায়িত্ব নিতে পারেনি।”
এই সিরিজ হারে প্রচণ্ড হতাশ হলেও সামনের দিকে তাকাতে চান শান্ত। তিনি বলেন, “আমাদের এখনও একটি ম্যাচ বাকি আছে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি সিরিজ আছে। আমাদের এখন চিন্তা করতে হবে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়। ব্যাটিংয়ে উন্নতি করতেই হবে, কারণ ওয়ানডেতে রান করতে না পারলে জেতা সম্ভব নয়।”
উল্লেখ্য, বোলারদের নৈপুণ্যে আফগানিস্তানকে ১৯০ রানে আটকে দিলেও, ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ এবং শেষ পর্যন্ত মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন