সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হোয়াইটওয়াশ এড়াতে পারবে কি বাংলাদেশ? আজ শেষ ওয়ানডে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ১০:০৯ এএম

হোয়াইটওয়াশ এড়াতে পারবে কি বাংলাদেশ? আজ শেষ ওয়ানডে

ছবি - সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের দাপট ওয়ানডেতে দেখাতে না পেরে আফগানিস্তানের কাছে ইতোমধ্যে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ব্যাটারদের চরম ব্যর্থতায় হেরে যাওয়া টাইগাররা আজ মঙ্গলবার হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ছিল পুরোপুরি ব্যর্থ। প্রথম ম্যাচে ২২১ রান করলেও দ্বিতীয় ম্যাচে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ওপেনার তানজিদ হাসান তামিমের মতো সিনিয়র ব্যাটাররা দায়িত্ব নিতে পারেননি। এমন পরিস্থিতিতে হোয়াইটওয়াশ এড়াতে আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল।

দলীয় সূত্রে জানা গেছে, টানা ব্যর্থ হওয়া ওপেনার তানজিদ তামিমের জায়গায় সুযোগ পেতে পারেন নাঈম শেখ। মিডল অর্ডারে জাকের আলী অনিকের পরিবর্তে দেখা যেতে পারে হার্ড-হিটার শামীম পাটোয়ারীকে। এছাড়া, পেস বোলিং বিভাগে তানজিম হাসান সাকিবের জায়গায় ফিরতে পারেন অভিজ্ঞ তাসকিন আহমেদ।

অন্যদিকে, সিরিজ জিতে ফুরফুরে মেজাজে থাকা আফগানিস্তান চাইবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেই সফর শেষ করতে। তবে ইনজুরির কারণে এই ম্যাচে তাদের নির্ভরযোগ্য ব্যাটার রহমত শাহ খেলতে পারবেন না।বাংলাদেশের জন্য এই ম্যাচটি শুধু হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও একটি বড় সুযোগ।