অক্টোবর ১৪, ২০২৫, ০৭:১৬ পিএম
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে প্রথমার্ধ শেষে এক গোলে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ডিফেন্ডার তারিক কাজীর এক ভুলে পেনাল্টি থেকে গোল হজম করে স্বাগতিকদের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে গেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে দুই দলই কিছুটা ধীরগতিতে খেলতে থাকে। তবে ম্যাচের ৩৫তম মিনিটে ঘটে বিপত্তি। নিজেদের ডি-বক্সের ভেতর হংকংয়ের ফরোয়ার্ড ফার্নান্দোকে ফাউল করে বসেন বাংলাদেশি ডিফেন্ডার তারিক কাজী। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান এবং তারিককে হলুদ কার্ড দেখান। স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি হংকংয়ের স্ট্রাইকার ম্যাথিউ ওর।
এই ম্যাচে বাংলাদেশ দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়াই মাঠে নেমেছে দল। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তপু বর্মণ। এছাড়া, শুরুর একাদশে সুযোগ পেয়েছেন প্রবাসী ফুটবলার শমিত সোম ও জায়ান আহমেদ।
বাছাইপর্বে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। এখন দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কিনা, সেদিকেই তাকিয়ে আছে দেশের ফুটবলপ্রেমীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন