অক্টোবর ১৪, ২০২৫, ০৭:৪২ পিএম
ফুটবল বিশ্বে এক অবিশ্বাস্য অঘটন ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করল জাপান। মঙ্গলবার (১৪ অক্টোবর) টোকিওতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-২ গোলে পরাজিত করেছে ‘ব্লু সামুরাই’রা। এটি ব্রাজিলের বিপক্ষে জাপানের ইতিহাসে প্রথম জয়। শুধু তাই নয়, ২৬ বছর পর এশিয়ার কোনো দলের কাছে হারের স্বাদ পেল সেলেসাওরা।
ম্যাচের প্রথমার্ধে অবশ্য (গল্পটা) ছিল ভিন্ন। পাওলো হেনরিক এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিল। তখনো কেউ কল্পনা করতে পারেনি ম্যাচের দ্বিতীয়ার্ধে কী নাটকীয়তা অপেক্ষা করছে।
বিরতির পর ভিন্নরূপে মাঠে নামে জাপান। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে তারা। তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা এবং আয়াসে উয়েদার গোলে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন ঘটায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে একটি গোলও শোধ করতে পারেনি ব্রাজিল। ফলে, দুই যুগেরও বেশি সময় পর এশিয়ার কোনো দলের কাছে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এর আগে এশিয়ার কোনো দলের কাছে ব্রাজিল সর্বশেষ হেরেছিল ১৯৯৯ সালে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আজকের এই জয় জাপানের ফুটবল ইতিহাসে এক সোনালি অধ্যায় হিসেবে লেখা থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন