অক্টোবর ১৪, ২০২৫, ১০:২১ পিএম
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে হলে বাংলাদেশকে পাড়ি দিতে হবে রানের পাহাড়। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে মোহাম্মদ নবীর শেষ মুহূর্তের তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (৪২) ও ইবরাহিম জাদরান (৯৫)। তারা ৯৯ রানের উদ্বোধনী জুটি গড়েন। একটা পর্যায়ে আফগানিস্তানের স্কোর যখন ১ উইকেটে ১৭৩ রান, তখন মনে হচ্ছিল তারা সহজেই সাড়ে তিনশ রানের গণ্ডি পেরিয়ে যাবে।
কিন্তু তখনই বল হাতে চমক দেখান বাংলাদেশের পার্ট-টাইম অফ স্পিনার সাইফ হাসান। তার ঘূর্ণিতে মাত্র ১২ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। সাইফ মাত্র ১৬ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।তবে, শেষদিকের ওভারে বোলার নাহিদ রানা চোটে পড়লে ম্যাচের মোড় আবারও ঘুরে যায়। এই সুযোগে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী।
তিনি মাত্র ৩১ বলে ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে ২৯৩ রানের লড়াকু পুঁজি এনে দেন।বাংলাদেশের পক্ষে সাইফ হাসান ৩টি, তানভীর ইসলাম ২টি এবং মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট লাভ করেন। এখন সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়া বাংলাদেশের সামনে এই বিশাল লক্ষ্য তাড়া করে সম্মান বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন