অক্টোবর ১৮, ২০২৫, ০৫:৩২ পিএম
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দুঃস্বপ্ন যেন পিছু ছাড়ছে না। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন সিরিজের প্রথম ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ। আবারও পুরো ৫০ ওভার খেলতে ব্যর্থ হলো দল। ৪৯.৪ ওভারে মাত্র ২০৭ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিকরা।আফগানিস্তান সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আক্ষেপ করে বলেছিলেন, “আমাদের ৫০ ওভার খেলতে হবে, শেষ তিনটি ম্যাচ আমরা তা করতে পারিনি।”
আজ মিরপুরে মনে হচ্ছিল, জয়-পরাজয়ের চেয়েও দলের প্রধান লক্ষ্য যে কোনোভাবে ৫০ ওভার টিকে থাকা।কিন্তু সেই লক্ষ্যও পূরণ হলো না। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় ৭১ রানের জুটি গড়লেও তা ছিল অত্যন্ত ধীরগতির।
৩০তম ওভারেও দলের রান ১০০ ছুঁতে পারেনি। ৪০ ওভার শেষে ৬ উইকেট হাতে রেখেও বাংলাদেশের রান ছিল মাত্র ১৪০।দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। কিন্তু শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারার ব্যর্থতা নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এখন জয়ের জন্য বাংলাদেশি বোলারদের এই অল্প পুঁজি নিয়েই লড়তে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন