অক্টোবর ১৮, ২০২৫, ০৮:৫১ পিএম
ফরাসি লিগ ওয়ানে আরও একবার নিজেদের আধিপত্যের জানান দিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে অনুষ্ঠিত এক রোমাঞ্চকর ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে স্ট্রাসবুর্গের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তারা। এই মূল্যবান এক পয়েন্টের জোরেই স্ট্রাসবুর্গকে পেছনে ফেলে আবারও লিগ টেবিলের শীর্ষস্থান দখল করল লুইস এনরিকের দল।
ঘরের মাঠে পিএসজি ম্যাচের ষষ্ঠ মিনিটেই ব্র্যাডলি বারকোলার গোলে এগিয়ে যায়। কিন্তু এরপরই শুরু হয় স্ট্রাসবুর্গের পাল্টা আক্রমণ। ১৭ মিনিটে জোয়াকিন পানিচেলির গোলে সমতায় ফেরে সফরকারীরা। বিরতির ঠিক আগে দিয়েগো মোরেইরার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্ট্রাসবুর্গ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই, মাত্র ৪ মিনিটের মাথায়, পানিচেলি নিজের দ্বিতীয় গোলটি করলে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে পিএসজি, যা দলটিকে বড় হারের শঙ্কায় ফেলে দেয়।তবে এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ৫৮ মিনিটে গঞ্জালো রামোস পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন।
এরপর ৭৯তম মিনিটে তরুণ তারকা সেনি মায়ুলুর গোলে সমতায় ফেরে পিএসজি। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।এই ড্রয়ের ফলে ৮ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো পিএসজি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্ট্রাসবুর্গ। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজি জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন