রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ পরিবর্তন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৫:৫৭ পিএম

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ পরিবর্তন

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা। সম্প্রতি টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ দারুণ ছন্দে রয়েছে। শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিকূল কন্ডিশনে সিরিজ জয়ের পাশাপাশি ঘরের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মতো দলকেও হারিয়েছে তারা। এমনকি আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপেও দলটি ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচে বাংলাদেশ একাদশে চারটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। দলের সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি ম্যাচের তুলনায় এই পরিবর্তনগুলো আনা হয়েছে।দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার ফেরাটা প্রত্যাশিতই ছিল। তাকে জায়গা করে দিতে সর্বশেষ ম্যাচে খেলা মোহাম্মদ সাইফউদ্দিন এই সিরিজে জায়গাই পাননি।

অন্য তিনটি পরিবর্তনে, সর্বশেষ ম্যাচ খেলা পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক ও শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয় এবং অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।এর আগে ঘরের মাঠ মিরপুরে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারিয়েছিল। সেই আত্মবিশ্বাসও আজ কাজে লাগাতে চাইবে লিটন দাসের দল।প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের চূড়ান্ত একাদশ হলো: লিটন দাস (অধিনায়ক),

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।ওয়েস্ট ইন্ডিজের একাদশে রয়েছেন: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, শাই হোপ (অধিনায়ক), রোস্টন চেস, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডন সিলস।