বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে তাপমাত্রা ১৪.২ ডিগ্রি: কুয়াশায় মোড়ানো সকাল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ১০:০৯ এএম

পঞ্চগড়ে তাপমাত্রা ১৪.২ ডিগ্রি: কুয়াশায় মোড়ানো সকাল

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে হেমন্তের শেষেই শীত যেন জেঁকে বসতে শুরু করেছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের হিমেল হাওয়া আর রাতভর ঝরে পড়া কুয়াশায় শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। শনিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শুক্রবার একই সময়ে এই তাপমাত্রা ছিল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস যা নির্দেশ করে যে উত্তরাঞ্চলে শীতের আমেজ এখন আর কেবল অনুভূতির পর্যায়ে নেই বরং তা বাস্তবে রূপ নিয়েছে।

সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করে এবং রাত গভীর হওয়ার সাথে সাথে হালকা শীত অনুভূত হতে থাকে।

বিশেষ করে রাতভর ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে গোটা জনপদ যা ভোরের আলো ফোটার পর ধীরে ধীরে হালকা হতে শুরু করে। উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতিটা একটু বেশিই প্রবল হয়ে উঠছে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদের দেখা মিললে ঠান্ডার অনুভূতি কিছুটা কমে আসে এবং জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। এই সময়ে গ্রামীণ জনপদে মানুষকে শীত নিবারণের জন্য গরম কাপড়ের ওপর নির্ভর করতে দেখা যাচ্ছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বর্তমান আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন যে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠাণ্ডা বাতাস আর কনকনে শীতে জেলাজুড়ে শীতের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে। গত কয়েকদিন ধরেই এই অঞ্চলে বেশ ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। আজ শনিবার সকালে তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আবহাওয়াবিদদের মতে কুয়াশা ও বাতাসের আর্দ্রতা বেশি থাকায় আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে এবং শীতের তীব্রতা বাড়তে পারে।