মার্চ ১৭, ২০২৬, ১২:৪২ পিএম
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানী থেকে নাড়ির টানে ঘরমুখী মানুষের ঢল নামলেও এবারের ঈদযাত্রায় বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৈরী প্রকৃতি। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পরবর্তী পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে।
বিশেষ করে ঈদের সম্ভাব্য দিনগুলোতে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২০ মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সাথে দেশের এসব অঞ্চলে প্রবল বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কাও রয়েছে। ওইদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে।ঈদুল ফিতর যদি ২১ মার্চ উদযাপিত হয় তবে সেদিনও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার একই রকম পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে সেদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির দাপট বেশি থাকবে। ঢাকা ও দক্ষিণাঞ্চলেও কিছু কিছু জায়গায় বৃষ্টির খবর পাওয়া যেতে পারে।
এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে যা দীর্ঘ পথযাত্রীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হলেও উৎসবের আমেজে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। ঈদের আগের দিনগুলোতে অর্থাৎ ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে যা ঈদযাত্রায় বিঘ্ন ঘটাতে পারে। বিশেষ করে নৌ ও সড়কপথে যাতায়াতকারীদের আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রেখে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন