এপ্রিল ১৮, ২০২৬, ০৭:১৮ পিএম
দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সঙ্গে এসব এলাকায় শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আজ এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এই সর্তকতা জারি করেছে অধিদপ্তর।আবহাওয়ার ওই পূর্বাভাস অনুযায়ী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ের সময় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মূলত কালবৈশাখীর এই মৌসুমে আকস্মিক ঝোড়ো হাওয়ার আশঙ্কায় এই নৌ-সতর্কতা জারি করা হয়।
সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার সিনপটিক অবস্থা বিশ্লেষণ করে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমান বায়ুমণ্ডলীয় পরিস্থিতির কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্য এলাকাগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঝড়ের পূর্বাভাস থাকা এলাকাগুলোর বাসিন্দাদের জরুরি প্রয়োজনে চলাচলের সময় সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন