মে ১১, ২০২৬, ০৭:২৭ পিএম
দেশের ১৩ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই পূর্বাভাস দেওয়া হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের জন্য। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
নদীবেষ্টিত এসব এলাকার নৌযানগুলোকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে এই সময়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সময় বিভিন্ন স্থানে বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু প্রবাহের প্রভাবে দেশের কিছু অঞ্চলে এই মেঘলা আবহাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন