মে ১২, ২০২৬, ০৯:৪৬ এএম
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামীকাল বুধবার থেকে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভাগগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর প্রভাবে বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় অর্থাৎ ১৬ মে শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
পরিসংখ্যানে বলা হয়েছে, এই সময়ে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অধিক বৃষ্টির কারণে সিলেট বিভাগের নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরির আশঙ্কাও করা হয়েছে।
আবহাওয়াবিদদের তথ্যমতে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এই লঘুচাপের সৃষ্টি হয়েছে। এছাড়া পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মূলত বজ্রমেঘের কারণে গত রোববার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে।আজ মঙ্গলবার থেকেই রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। এছাড়া ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে সারা দেশেই কমবেশি বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, লঘুচাপটি শক্তিশালী হবে কিনা বা এটি উপকূলের দিকে অগ্রসর হবে কিনা, তা আরও ২৪ ঘণ্টা পর স্পষ্ট হবে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এর প্রভাব সরাসরি বাংলাদেশে পড়ার সম্ভাবনা কম থাকলেও সারা দেশেই মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের এই ধারা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন