মে ২৬, ২০২৬, ১০:৫৫ এএম
ইদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভিড় যখন বাড়ছে, ঠিক তখনই দেশের ৯টি জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলায় ঝড়ের শঙ্কা রয়েছে। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
এই বিরূপ আবহাওয়া ঈদযাত্রায় বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি করতে পারে।মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এসব এলাকায় ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলীয় ও নদীবন্দরগুলোকে।ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সময় যাত্রীদের নিরাপদ স্থানে আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ।
বিশেষ করে নদীবন্দরে যাতায়াতকারী ছোট নৌযানগুলোকে সাবধানে চলতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।যাত্রাপথে আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ তথ্যের ওপর নজর রাখতে বলা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন