রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকাসহ দেশের ১৩ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১১:১৫ এএম

ঢাকাসহ দেশের ১৩ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ঢাকাসহ দেশের ১৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।