রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৫:১৭ পিএম

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস

মেঘলা আকাশের প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। বিকেলের পর থেকে রাতের মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এছাড়া আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। নদীবন্দরে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে।