জুলাই ৯, ২০২৬, ০৭:৫০ পিএম
দেশের ১৯ জেলার ওপর দিয়ে আজ রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। ঝড়ের পাশাপাশি বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই সময়ে বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের গতিবেগ ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই ১৯টি জেলার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।সংশ্লিষ্ট এলাকার নদীবন্দর ও নৌযান চলাচলকারীদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদীপথে সতর্কতার সাথে চলাচল নিশ্চিত করতে বলা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন