জুলাই ২০, ২০২৬, ১২:৫০ এএম
উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে দেশের ১৩টি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এসব জেলার নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে রয়েছে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও নেত্রকোণা। নদীসংলগ্ন এলাকাগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
ইতোমধ্যেই সুরমা-কুশিয়ারা নদী অববাহিকায় পানি বৃদ্ধি পেয়েছে। ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে তীরবর্তী লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী তিন দিনে নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর তীরবর্তী জনপদ প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ব্রহ্মপুত্র-যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের চরাঞ্চল ও নিম্নাঞ্চল তলিয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। গতকাল তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
উপকূলীয় জেলাগুলোর নদ-নদীতে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের এই বৈরী মিতালীতে ১৩টি জেলার মানুষ একটি অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি। নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার প্রস্তুতি নিতে এবং বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন