বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

উপকূল ও সীমান্ত এলাকায় ভারী বর্ষণ ও বন্যার আশঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৮:৫৭ পিএম

উপকূল ও সীমান্ত এলাকায় ভারী বর্ষণ ও বন্যার আশঙ্কা

Ai - ছবি

আজ থেকে আগামী ২৮ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া সংস্থা বিডব্লিউওটি। সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, বরিশাল, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় ও লালমনিরহাটসহ আশপাশের কিছু জেলার বেশিরভাগ স্থানে এই বৃষ্টিপাত হতে পারে।

 অঞ্চলভেদে ৩ থেকে ৫ দিন এবং কখনো ১ থেকে ৩ ঘণ্টা অথবা ৫ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উপকূলীয় এলাকা এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের উত্তরের সীমান্তবর্তী স্থানগুলোতে ১ থেকে ৩ দিন অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এই ভারী বৃষ্টির প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর ফলে কিছু কিছু স্থানে নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অতিভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে নদ-নদীর কাছাকাছি বসবাসকারী ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী সময়ে আরও বিস্তারিত আপডেট দেওয়া হবে। জননিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি নজরে রাখার আহ্বান জানানো হয়েছে। ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যার পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক ও নিরাপদ অবস্থানে থাকার অনুরোধ জানিয়েছে বিডব্লিউওটি।