আগস্ট ৬, ২০২৬, ১০:৩৭ এএম
উজানের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার ও আগামী শুক্রবারের মধ্যে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় এই বন্যা দেখা দিতে পারে।
ইতিমধ্যে নীলফামারীর তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর কমতে শুরু করলেও নদীর বিভিন্ন অংশে তীব্র ভাঙন দেখা দিয়েছে।ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর দ্রুত কমতে শুরু করেছে।পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, তিস্তার পানি কমার সাথে সাথে নদীরক্ষা বাঁধের বিভিন্ন অংশে বড় ফাটল দেখা দিয়েছে এবং কয়েকটি স্থানে বাঁধ ধসে পড়েছে।
এর ফলে স্থানীয় মানুষের যাতায়াত বিঘ্নিত হওয়ার পাশাপাশি শাকসবজি, ভুট্টা ও বাদামের ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এদিকে পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে যে সুরমা-কুশিয়ারা নদীর পানি বেড়ে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা সৃষ্টি করতে পারে।
উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।ময়মনসিংহ অঞ্চলে সোমেশ্বরী, ভুগাই ও কংস নদের পানি বেড়ে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের কিছু এলাকা প্লাবিত করতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন