বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এক গাছেই আলু ও টমেটো বিস্ময়কর উদ্ভাবন

মোঃ আরিফ ইসলাম

এপ্রিল ৬, ২০২৬, ০২:৫৮ পিএম

এক গাছেই আলু ও টমেটো বিস্ময়কর উদ্ভাবন

বীরগঞ্জে আলু ও টমেটোর গ্রাফটিং ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির অভিনব প্রয়োগে একই গাছে আলু ও টমেটো উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্ভিদ বিজ্ঞানী রনজিৎ চন্দ্র কীর্তনীয়া। গ্রাফটিং পদ্ধতি অনুসরণ করে তিনি ‘পোমাটো’ (Pomato) নামে একটি সাইব্রিড প্লান্ট উদ্ভাবন করেছেন, যেখানে মাটির নিচে আলু এবং উপরের ডালে থোকায় থোকায় টমেটো ফলছে।

বীরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় নিজ বাড়ির ছাদ বাগানে টবের মধ্যে পরীক্ষামূলকভাবে এই চাষাবাদ করে বিশেষ সফলতা পেয়েছেন তিনি। 

রনজিৎ চন্দ্র পেশাগতভাবে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি কৃষি নিয়ে নতুন নতুন উদ্ভাবনের প্রতি তার প্রবল আগ্রহ তাকে এই বিরল সাফল্যে পৌঁছে দিয়েছে।

কিভাবে সম্ভব এই ‘পোমাটো’ চাষ? রনজিৎ চন্দ্র কীর্তনীয়া জানান, আলু ও টমেটো একই গোত্রভুক্ত (Solanaceae family) উদ্ভিদ হওয়ায় গ্রাফটিং বা কলম পদ্ধতির মাধ্যমে এদের জোড়া দেওয়া সম্ভব হয়েছে। তিনি আলুর চারাকে মূল (Rootstock) হিসেবে এবং টমেটোর চারাকে উপরিভাগ (Scion) হিসেবে ব্যবহার করেছেন। এর ফলে একই গাছ থেকে দুই ধরনের ফসল পাওয়া যাচ্ছে, যা বাড়ির ছাদ বাগান বা অল্প জমিতে চাষাবাদের জন্য অত্যন্ত কার্যকর। তিনি আরও বলেন, এটি টিস্যু কালচার ও প্রোটোপ্লাস্ট ধারণা থেকে অনুপ্রাণিত একটি উদ্ভাবনী প্রয়াস।

উদ্ভাবকের মতে, স্বল্প ব্যয়ে ও অতি সাধারণ পরিচর্যায় এই পদ্ধতিতে ভালো ফলন পাওয়া যায়। একই পরিমাণ জৈব সার ব্যবহার করেই গাছের বৃদ্ধি ও ফলন সন্তোষজনক হয়েছে। বর্তমানে আবাদি জমি কমে যাওয়ার প্রেক্ষাপটে এ ধরনের বহুমুখী চাষাবাদ পদ্ধতি শহর ও গ্রাম—উভয় অঞ্চলের মানুষের জন্য বেশ লাভজনক হতে পারে।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, “গ্রাফটিং পদ্ধতিতে আলু ও টমেটোর চারা জোড়া লাগিয়ে ‘টমালু’ বা ‘পোমাটো’ গাছ তৈরি করা একটি আধুনিক ও স্বীকৃত প্রযুক্তি। যেহেতু এই দুটি উদ্ভিদ একই পরিবারভুক্ত, তাই এদের কোষীয় মিল থাকায় গ্রাফটিং সফল হয়। সঠিক পরিচর্যা ও তাপমাত্রা নিশ্চিত করা গেলে এই পদ্ধতিতে উৎপাদন খরচ অনেক কমে আসে এবং অল্প স্থানে দ্বিগুণ ফলন পাওয়া সম্ভব।”

স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, রনজিৎ চন্দ্র কীর্তনীয়ার এই উদ্ভাবনী চিন্তা ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এবং বিশেষ করে বসতবাড়ির আঙিনায় বা ছাদে সবজি চাষে বিপ্লব ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রযুক্তির সহজলভ্যতা তৃণমূল পর্যায়ের কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে সবজি উৎপাদনে নতুন এক দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।