জুন ১২, ২০২৬, ১১:২০ পিএম
দিনাজপুরের বিরলে ইউনিয়ন বহুমুখী খাতভিত্তিক মঞ্চের (এমএসপি) সদস্য এবং প্রধান কৃষকদের জন্য রেইনস প্রকল্পের আওতায় পুষ্টিবিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলার ৬ নম্বর ভাণ্ডারা ইউনিয়ন পরিষদের হলরুমে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে কৃষকদের জন্য এই পুষ্টি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভাণ্ডারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার।প্রশিক্ষণ প্রদান করেন গেইনের পরামর্শক সুবর্ণা ইসলাম। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম, সহায়ক কর্মী মোঃ সালমান, ৬ নম্বর ভাণ্ডারা ইউনিয়নের বহুমুখী খাতভিত্তিক মঞ্চের সকল সদস্যবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কৃষকদের পুষ্টি-সংবেদনশীল কৃষিকাজে উদ্বুদ্ধ করা, স্থানীয় পর্যায়ে পুষ্টি ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরি করা, উৎপাদন বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোসহ প্রধান পুষ্টি উপাদান যেমন- আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণের উৎস এবং গুরুত্বের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়াও কিশোর ও কিশোরীদের আমিষ খাবারের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে, নিরাপদ শাকসবজি ও ফলমূল চাষ, কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং পুষ্টি মডেল বাগান তৈরি, উৎপাদিত খাদ্য সঠিকভাবে সংরক্ষণ ও পুষ্টিমান বজায় রেখে রান্নার পদ্ধতি, গর্ভবতী মা ও শিশুদের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা এবং অপুষ্টির লক্ষণ ও প্রতিকারসহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন