বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নাটোরে জাপানের বিশ্বখ্যাত মিয়াজাকি আম চাষে সাফল্য

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০৩:৩৬ পিএম

নাটোরে জাপানের বিশ্বখ্যাত মিয়াজাকি আম চাষে সাফল্য

দিনাজপুর জেলা সংলগ্ন নাটোর সদরের হাসরা নাটোর এলাকায় জাপানের বিশ্বখ্যাত ও অতি উচ্চমূল্যের মিয়াজাকি আমের বাণিজ্যিক চাষে ব্যাপক সাফল্য পাওয়া গেছে। স্থানীয় এক কৃষিবিদ তাঁর নিজস্ব নার্সারি ও বাগানে সম্পূর্ণ কলম পদ্ধতির মাধ্যমে এই প্রিমিয়াম জাতের আম উৎপাদন করে সাড়া ফেলেছেন। উজ্জ্বল লাল রঙের দৃষ্টিনন্দন এই আমটি বিশ্বজুড়ে তার ব্যতিক্রমী স্বাদ, সুগন্ধ ও অনন্য মিষ্টতার জন্য অত্যন্ত জনপ্রিয়। 

জাপানের কিউসু দ্বীপের মিয়াজাকি অঞ্চলে উৎপাদিত এই বিশেষ আমটি বিশ্ববাজারে অন্যতম প্রিমিয়াম ও বিলাসবহুল ফল হিসেবে সমাদৃত।বাংলাদেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বের সবচেয়ে দামি এই আমের চাষ।বাগানের সফল উদ্যোক্তা জানান, তিনি ২০১৪ সালে সরাসরি জাপান থেকে এই আমের সায়েন বা ডাল সংগ্রহ করে প্রথমে দুটি চারা তৈরি করেন। পরবর্তীতে দীর্ঘ ২৫ বছরের নার্সারি পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নাটোর শহরের কাছে এই নতুন বাগানটি গড়ে তোলেন। 

বর্তমানে তাঁর আড়াই বছর বয়সী কলমের গাছগুলোতে থোকা থোকা লাল আম ঝুলছে। এই আমের বিশেষত্ব হলো, সূর্যের আলো যত বেশি পড়ে, এর গায়ের রঙ তত বেশি গাঢ় লাল বর্ণ ধারণ করে। জাপানি ভাষায় এই আমকে ‍‍`তাইও নো তামাগো‍‍` বা সূর্যের ডিম নামেও ডাকা হয়, যার গড় ওজন প্রায় ৩৫০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।বাণিজ্যিক চাষাবাদে এই আম চাষের জন্য কিছু বিশেষ বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রতিটি গাছ প্রায় আট হাত পরপর রোপণ করা হয়েছে, যার ফলে প্রতি বিঘা বা ৩৩ শতাংশ জমিতে প্রায় ১০০টি চারা রোপণ করা সম্ভব। 

আমগুলোকে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে চার টাকা মূল্যের বিশেষ কাগজের ফ্রুট ব্যাগ ব্যবহার করা হচ্ছে, যা ফলকে শতভাগ নিরাপদ ও অর্গানিক রাখতে সাহায্য করে। এছাড়া গাছগুলোকে গোলাকৃতি ও ঝোপালো ক্যানপি পদ্ধতিতে ছাঁটাই করা হয়েছে, যা ঝড়ের ক্ষতি কমায় এবং ফলন ধারণ ক্ষমতা বাড়ায়। এই আমে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা থাকায় কাটার পরও দীর্ঘ সময় কালো হয় না এবং এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে।চাষের জন্য অতিরিক্ত পানি জমে না এমন রোদউজ্জ্বল জমি এবং বেলে মাটি বাদে দোআঁশ মাটি নির্বাচন করা প্রয়োজন বলে ওই কৃষিবিদ জানান। 

প্রাথমিক অবস্থায় মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার না দিয়ে প্রতি ৪০ কেজি জৈব সারের বিপরীতে মাত্র ১ কেজি রাসায়নিক সার মিশিয়ে সুষম সার প্রয়োগ করার পরামর্শ দেন তিনি। বর্তমানে দেশের বাজারে এই আমের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। উদ্যোক্তার ছেলে জাপানি প্যাকেজিংয়ের আদলে এক জোড়া প্রিমিয়াম আম ৫০০ টাকায় বিক্রি করছেন। এছাড়া সাধারণ এ-গ্রেডের আম প্রতি কেজি ৫০০ টাকা এবং বি-গ্রেডের আম ৩০০ টাকা কেজি দরে বাজারজাত করা হচ্ছে। বর্তমানে ২০ টাকা থেকে শুরু করে ২০০ ও ২৫০ টাকা মূল্যের বিভিন্ন গ্রেডের চারা বিক্রি করে দেশব্যাপী নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা করছেন এই সফল কৃষিবিদ।