বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গোমতীর চরে সবুজের সমারোহ, অধিক লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ১১:৩৮ পিএম

গোমতীর চরে সবুজের সমারোহ, অধিক লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা

ছবি - সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীর দুই পাড়ের বিস্তীর্ণ চরাঞ্চল এখন সবুজের সমারোহে ভরে উঠেছে। মৌসুমের শুরুতে ঘন ঘন বৃষ্টির কারণে বীজতলা নষ্ট হওয়ায় প্রাথমিক ক্ষতির মুখে পড়লেও, তা সামলে নিয়ে এখানকার কৃষকরা এখন পুরোদমে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। বাজারে ভালো দাম পাওয়ার আশায় বুক বেঁধেছেন তারা।

উপজেলার দড়িকান্দি, শুশুণ্ডা, আলীরচর ও সোনাপুরসহ বিভিন্ন চরাঞ্চলে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলা, টমেটো, শিম ও লাউসহ বিভিন্ন সবজির পরিচর্যা চলছে। কেউ জমিতে আগাছা পরিষ্কার করছেন, কেউ পোকামাকড় দমনে ওষুধ ছিটাচ্ছেন, আবার কেউ কেউ বিক্রির জন্য জমি থেকে শসা ও করলা তুলছেন।

সোনাপুর এলাকার কৃষক আব্দুল মজিদ জানান, “বৃষ্টির কারণে অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছে এবং দুইবার করে চারা রোপণ করতে হয়েছে। এতে খরচ ও শ্রম দুটোই বেড়ে গেছে। এখন আবহাওয়া ভালো আছে, আশা করি এবার ভালো ফলন পাব এবং ক্ষতি পুষিয়ে নিতে পারব।”

গোমতীর চরের উর্বর বালুমিশ্রিত দোআঁশ মাটি সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় প্রতিবছরই এখানে আগাম সবজির ভালো ফলন হয়। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

তবে কৃষকরা অভিযোগ করে বলেন, ‘মাটি খেকোদের’ দৌরাত্ম্যে নদীর পাড়ের ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে, যা তাদের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান বলেন, “গোমতীর চরের মাটি অনেক উর্বর এবং এখানকার কৃষকরাও খুব পরিশ্রমী। আমরা মাঠ পর্যায়ে কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সকল পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি।”