বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার নামে স্কুল-বৃদ্ধাশ্রম বানাতে জমি দিলেন বিএনপি নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ০৯:০৯ পিএম

খালেদা জিয়ার নামে স্কুল-বৃদ্ধাশ্রম বানাতে জমি দিলেন বিএনপি নেতা

বাগেরহাটের মোংলা উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে স্কুল অ্যান্ড কলেজ ও বৃদ্ধাশ্রমসহ একাধিক জনকল্যাণমূলক প্রতিষ্ঠান নির্মাণে ছয়শো শতক জমি দান করেছেন স্থানীয় এক জ্যেষ্ঠ বিএনপি নেতা। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এসব প্রতিষ্ঠান তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাইনবোর্ড বসিয়ে শুভ সূচনা করা হয়।

এই উদ্যোগ উপকূলীয় এলাকার ভাগ্য উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।জমিদাতা হলেন মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ জুলফিকার আলী।

তিনি জানান, মোংলার উপকূলীয় এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানকার অধিকাংশ মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে।

এই অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে তিনি একাডেমিক স্কুল-কলেজ, মেরিন একাডেমি, এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং একটি মসজিদ নির্মাণের জন্য তার ব্যক্তিগত মালিকানার জায়গা থেকে ছয়শো শতক জমি লিখে দিয়েছেন। ইতোমধ্যে বালু ভরাট শেষ হয়েছে এবং সরকারি অনুমোদন পেলেই সকল নির্মাণ কাজ শুরু হবে।

প্রতিষ্ঠানগুলো বেগম খালেদা জিয়ার নামে করার কারণ ব্যাখ্যা করে জুলফিকার আলী বলেন, বাংলাদেশের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেল-জুলুমের শিকার হতে হয়েছে। তার এই ত্যাগের কারণেই তিনি অনুপ্রাণিত হয়ে খালেদা জিয়ার নামে এসব প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিয়েছেন।

আলোচনা সভায় রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন জমিদাতা জুলফিকার আলীর মহৎ কাজের প্রশংসা করেন। তিনি বলেন, নিজের খরিদ করা বিশাল জায়গায় দলের নেত্রীর নামে এমন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান তৈরি করার মানুষ খুব কমই রয়েছে। এই মহৎ উদ্যোগের জন্য তিনি মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় মোংলা উপজেলা বিএনপির সভাপতি মান্নান হালদারের সভাপতিত্বে মোংলা ও রামপাল উপজেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।