রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিল ছাত্র-জনতা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১১:১৯ পিএম

ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিল ছাত্র-জনতা

আওয়ামী লীগের দেওয়া লকডাউন ঘোষণা এবং দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'এক তর্জনি' স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ শহরের শহিদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে অবস্থিত এ স্থাপনাটি বুলডোজার ব্যবহার করে সম্পূর্ণরূপে অপসারণ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

আওয়ামী লীগের লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ এবং চলমান নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ করা হয়। মিছিল শেষে বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্বাধীনতা চত্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনি’ স্তম্ভটি গুঁড়িয়ে দেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থান চলাকালে ৫ আগস্টও এই স্তম্ভটিতে ভাঙচুর চালানো হয়েছিল। তখন স্তম্ভটির কিছু অংশ অক্ষত ছিল। তবে বৃহস্পতিবার সকালে বুলডোজার দিয়ে সেই অবশিষ্ট অংশও সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে।এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতীতেও অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে।

জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে। আজও রাজপথ শহীদদের রক্তে ভেজা। কিন্তু আওয়ামী লীগ হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। এ কারণেই ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনকের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে।"

অন্যদিকে, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তবে রাজনৈতিক মহলের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং শহরে উত্তেজনা বিরাজ করছে।