রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজধানীতে কলেজের সামনে বাসে আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৯:৩৫ এএম

রাজধানীতে কলেজের সামনে বাসে আগুন

রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী সাভার এলাকায় গত শনিবার রাতে দুটি পৃথক বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে হাজারীবাগে দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে দিলে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

অন্যদিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে একটি শ্রমিকবাহী বাসে হঠাৎ আগুন লেগে গেলে অল্পের জন্য রক্ষা পান বাসের চালক। এই দুটি ঘটনায় কেউ হতাহত না হলেও, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ রোডে অবস্থিত শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

এতে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে বাসটি যেহেতু দাঁড়িয়ে ছিল, তাই এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।অন্যদিকে, প্রায় একই সময়ে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় শ্রমিকবাহী একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে বাসটির পেছনের অংশে হঠাৎ আগুন জ্বলতে দেখা গেলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনের আঁচ টের পেয়ে বাসের চালক লাফিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পান। বাসটির আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। দুই ঘটনার প্রেক্ষিতেই পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।