রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‍‍`ছাত্রশিবির শিক্ষার্থীকে পথভ্রষ্ট হতে দেয় না‍‍`: জাহিদুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ০৩:৫৬ পিএম

‍‍`ছাত্রশিবির শিক্ষার্থীকে পথভ্রষ্ট হতে দেয় না‍‍`: জাহিদুল ইসলাম

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দাবি করেছেন, তার সংগঠন কোনো শিক্ষার্থীকে পথভ্রষ্ট হতে দেয় না। তিনি বলেছেন, ছাত্রছাত্রীদের মধ্যে লুকায়িত মেধাগুলোকে সুচারুরূপে বিকশিত করে তাদের গন্তব্যে পৌঁছার জন্য ছাত্রশিবির প্রাণপণ চেষ্টা করছে।

তিনি উল্লেখ করেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই মেধা ও নৈতিকতাকে প্রাধান্য দিয়ে আসছে সংগঠনটি এবং ইতোমধ্যে দেশে এটি প্রথম ও প্রধান ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।

গতকাল মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই নবীনবরণ অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তিনি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বহু অপপ্রচার চলেছে। কিন্তু তিনি মনে করেন, এর কিছুই কাজে আসেনি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। তিনি আরও দাবি করেন, ছাত্রশিবিরের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার চলেছে, তার জবাব ইতোমধ্যে ডাকসু, জাকসু, রাকসু ও চকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ছাত্রছাত্রীরা ইসলামের সুমহান পতাকাতলে একত্রিত হলে বাতিলের সকল অপপ্রচার ব্যর্থ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, "আমরা ইসলামের সুমহান আদর্শ আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। পালন করা বা না করা, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়।"ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইন নাবিলের সভাপতিত্বে এবং শহর শাখার প্রকাশনা সম্পাদক আবদুল গনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।