শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৮:০৬ পিএম

প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল

প্রথমবারের মতো বরিশাল জেলায় নারী পুলিশ সুপার (এসপি) পদায়ন দিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের বদলি পুনর্নির্ধারণ করা হয়।

সেই অনুযায়ী বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ সুপার ফারজানা ইসলামকে বরিশাল জেলায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, নবনিযুক্ত পুলিশ সুপার ফারজানা ইসলাম এর আগে রাজশাহী জেলার দায়িত্বে ছিলেন। বরিশালের জনগণের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ ফারজানা ইসলামই জেলার প্রথম নারী পুলিশ সুপার।

অন্যদিকে, বরিশাল জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনকে গাজীপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।একই প্রজ্ঞাপনে দেশের অন্যান্য বিভাগের মতো বরিশাল বিভাগেরও ছয় জেলার পুলিশ সুপারদের একযোগে বদলি ও পদায়ন দেওয়া হয়েছে। এই বদলির মধ্যে উল্লেখযোগ্য হলো:

বরগুনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে নড়াইল জেলায় বদলি করা হয়েছে।

পিবিআই পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে বরগুনা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদকে পাবনা এবং পিবিআই পুলিশ সুপার মো. আবু ইউসুফকে পটুয়াখালীর পুলিশ সুপার করা হয়েছে।

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদকে পিরোজপুরে বদলি করা হয়েছে।

ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে মেহেরপুর এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার করা হয়েছে।

ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে পিবিআই এবং বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারকে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।