ডিসেম্বর ২, ২০২৫, ১০:৪৫ পিএম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, যারা নিজেদের কথায় কথায় দেশের পক্ষের শক্তি ও স্বাধীনতার শক্তি বলে দাবি করে, তারা এখন কোথায়? তারা দেশ ছেড়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে। তারা শুধু নিজেদের কর্মীদের ফেলে যায়নি, দেশের ১৮ কোটি মানুষকে বিপদের মধ্যে ফেলে গেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের অম্বিকা ময়দানে এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি পরিষ্কারভাবে বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না। জামায়াতের এই নেতা আগামী নির্বাচনে ব্যালট ছিনতাই ও ভোট দিতে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি কর্মীদের উদ্দেশ্য করে বলেন,
"আপনাদের হারানোর কিছু নেই, ১০ জন নেতাকে আমরা হারিয়েছি। কেউ ভোট চুরি করতে এলে জীবন দিয়ে হলেও প্রতিরোধ করতে হবে, আমরা জীবন বাজি রেখেই এখানে এসেছি।"এ টি এম আজহারুল ইসলাম অভিযোগ করেন, দেশে সম্পদের কোনো অভাব নেই, অভাব শুধু সৎ নেতৃত্বের। যারা এতদিন ক্ষমতায় ছিল, তারা কেবল দুর্নীতি করে নিজেদের আখের গুছিয়েছে এবং বিদেশে টাকা পাচার করেছে। তাদের দুর্নীতির কারণেই দেশ দরিদ্র হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের সামনে এখন পরিবর্তনের সময় এসেছে এবং তার দল ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তিনি মানবসৃষ্ট আইন থেকে বেরিয়ে এসে আল্লাহর দেওয়া আইন বাস্তবায়নের উপর জোর দেন। জামায়াতের নায়েবে আমির বলেন, মানুষের বানানো আইনে সমাজে কেবল কিছু মানুষ সুবিধা পায়, সাধারণ মানুষের মধ্যে শান্তি আসে না। এই নির্বাচনকে তিনি শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়, বরং আদর্শ পরিবর্তনের নির্বাচন, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন এবং আধিপত্যবাদের হাত থেকে সাধারণ মানুষকে মুক্ত করার নির্বাচন হিসেবে বর্ণনা করেন।
তিনি দাবি করেন, সারাদেশে জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জাতীয় নির্বাচনের একই দিনে ভোট ও গণভোটের আয়োজন করা হলে জনগণ বিভ্রান্তিতে পড়বে, তাই জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানান তিনি। সমাবেশে ফরিদপুরের চারটি আসনের জামায়াতের মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন এবং নেতা কর্মীদের বিজয়ী করার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন