ডিসেম্বর ২, ২০২৫, ১১:২৩ পিএম
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য একজন আপসহীন নেত্রী। তিনি একমাত্র প্রধানমন্ত্রী, যিনি আধিপত্যবাদী ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পেরেছিলেন এবং আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা শিখিয়েছেন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করেন।
রাশেদ খান আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। তিনি অভিযোগ করেন, ভারতীয় আধিপত্যবাদীরা নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে।
তবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলো এসব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলে তিনি মন্তব্য করেন। তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, দেশের মানুষ তারেক রহমানের দেশে ফেরার খবর জানতে উদগ্রীব হয়ে আছে এবং আমরা প্রত্যাশা করি তিনি শিগগিরই দেশে ফিরবেন। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপি ও তারেক রহমানই নিতে পারেন।
গণঅধিকার পরিষদের এই নেতা ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, ঐকমত্য কমিশন গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ বাড়িয়েছে। তারা তাদের এজেন্টদের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর জন্য জনমত তৈরির চেষ্টা করেছে। কিন্তু সারাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। আমরা ভোট দিতে চাই।
জনগণ নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার দেখতে চায়, এবং তার মতে নির্বাচনই আগামীর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার। এর আগে বিকেলে সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে আয়োজিত পথসভায় রাশেদ খান বক্তব্য রাখেন। এ সময় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন