ডিসেম্বর ৩, ২০২৫, ১১:৫০ এএম
রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ এবং সম্মেলনকক্ষে তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়ার ঘটনায় জাতীয় যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই তাৎক্ষণিক ব্যবস্থা নিল সংগঠনটি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।অব্যাহতিপ্রাপ্ত দুই নেতা হলেন জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি এবং যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের কমিটির সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গজনিত কর্মকাণ্ডের দায়ে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী দুইদিনের মধ্যে লিখিতভাবে এবং সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আহ্বায়ক তারিকুল ইসলাম এবং সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম নির্দেশ প্রদান করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন, তবে সংগঠনের নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, গত সোমবার (১ ডিসেম্বর) রাজশাহীর পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন জেলা কমিটির পরিচিতি সভা চলছিল। সভা পণ্ড করার উদ্দেশ্যে মেহেদী হাসান ফারাবি ও সোয়াইব আহমেদসহ এনসিপির ২৫-৩০ জন নেতাকর্মী সেখানে যান। তাদের মূল অভিযোগ ছিল, এনসিপির জেলা কমিটির নতুন আহ্বায়ক সাইফুল ইসলাম আওয়ামী লীগের সহযোগী এবং ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর দুই হাতে গুলি চালানো যুবলীগ ক্যাডার জহুরুল ইসলাম রুবেলের ঘনিষ্ঠ সহচর ছিলেন। এই অভিযোগে তারা সাইফুল ইসলামের পদত্যাগ দাবি করছিলেন।
এর আগের দিন রাতে এনসিপির একটি পক্ষ নগরীর বাটার মোড় এলাকায় সংবাদ সম্মেলন করে নতুন আহ্বায়ক কমিটি বিলুপ্তের দাবি জানানোর পাশাপাশি শেখ হাসিনা এবং নতুন জেলা আহ্বায়ক সাইফুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন। এই অভিযোগের বিষয়ে সাংবাদিকরা যখন মোটেলের সম্মেলন কক্ষে সাইফুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন, ঠিক তখনই সোয়েব আহমেদ ও মেহেদী হাসান ফারাবি ভেতরে প্রবেশ করে সাংবাদিকেরা বের না হলে কক্ষে আটকে রাখার হুমকি দেন।
ওই ঘটনার পরই সাংবাদিকেরা তীব্র প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সোয়াইব ও তার সঙ্গীরা ঘটনাস্থল থেকে দৌড়ে বাইরে চলে যান এবং পর্যটন মোটেল প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন