রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা–আরিচা মহাসড়কে বাসে আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:৪১ পিএম

ঢাকা–আরিচা মহাসড়কে বাসে আগুন

সাভারের ঢাকা–আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে এ অগ্নিকাণ্ড ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, রাত ১০টা ২ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মাত্র ১৩ মিনিটের মধ্যে, রাত ১০টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ নির্ধারণ করা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিতে পারে।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে এখন পর্যন্ত বাসটির চালক বা মালিকের সন্ধান পাওয়া যায়নি। আগুনের সূত্রপাতের কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।