বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে হাতাহাতি, আহত ৫

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৩৯ এএম

বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে হাতাহাতি, আহত ৫

ভোলায় মহান বিজয় র‍্যালিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় এই ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।সংঘর্ষের ঘটনায় দুইপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

জামায়াতের অভিযোগ: ভেলু মিয়া বাজার শাখা জামায়াতের আমীর মোহাম্মদ মমিন জানান, মঙ্গলবার সকালে বিজয় র‍্যালিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই কর্মী তর্কে জড়ায়।

পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় জামায়াত সমর্থকদের কয়েকটি দোকানে হামলা চালায় বিএনপির লোকজন।

বিএনপির অভিযোগ: এদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস কমান্ডার অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা বিজয় মিছিল করছিলেন। এ সময় জামায়াত সমর্থকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হলে বিএনপির তিনজন কর্মী আহত হন।

তবে তিনি কোনো দোকান ভাঙচুর হয়নি বলেও দাবি করেন।পুলিশ জানিয়েছে, খবর পেয়ে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।