ডিসেম্বর ১৯, ২০২৫, ০১:৫২ পিএম
রাজধানীর শাহবাগে শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে তাঁর পরিবার। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় হাদির জন্মস্থানে সাংবাদিকদের সাথে আলাপকালে তাঁর ছোট বোনজামাই আমির হোসেন হাওলাদার এই দাবি জানান।
আমির হোসেন হাওলাদার বলেন, “হাদির উত্থান হয়েছিল শাহবাগ থেকে। জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকটে শাহবাগই ছিল তাঁর প্রতিবাদের মূল কেন্দ্র। তাই সেই শাহবাগেই যেন তাঁর একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়, যাতে অনাগত প্রজন্ম তাঁর ত্যাগ সম্পর্কে জানতে পারে।
স্মৃতিস্তম্ভ নির্মাণের পাশাপাশি হাদির আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আরও কিছু দাবি জানিয়েছে পরিবার।
আমির হোসেন বলেন:শহীদ হাদির কাব্যগ্রন্থগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং স্কুল-কলেজের সিলেবাসে তাঁর জীবনী সংযুক্ত করার দাবি জানাচ্ছি। দেশের মানুষের মনে হাদির জন্য যে ভালোবাসা তৈরি হয়েছে, তা তাঁর দীর্ঘদিনের আপসহীন সংগ্রামের ফসল।পরিবারের সদস্যরা জানান, হাদি কেবল পরিবারের কাছে স্নেহের ছিল না, বরং পুরো নলছিটিবাসীর কাছে সে ছিল অত্যন্ত প্রিয়।
একজন সাচ্চা দেশপ্রেমিক হিসেবে তাঁর এই অকাল প্রয়াণ কেউ মেনে নিতে পারছে না। স্বজনদের মতে, হাদির স্মৃতিকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা এখন সময়ের দাবি।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাঁর মরদেহ আজ সন্ধ্যায় দেশে পৌঁছানোর কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন