ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:৫৭ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার সমালোচনা করার পাশাপাশি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও স্লোগান দেন।
বান্দরবান প্রতিনিধি জানান, জুমার নামাজ শেষে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা হাদি হত্যার খুনিদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং জননিরাপত্তার চরম অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
এছাড়া হাদি হত্যায় জড়িতদের যারা উচ্চ আদালত থেকে জামিন পাইয়ে দিয়েছে তাদের এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও গ্রেপ্তারের দাবি জানান তারা। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আলাউদ্দিন ইমামী, মাওলানা মুজিবুল হক ও ছাত্রনেতা আসিফ ইকবাল প্রমুখ।লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে লক্ষ্মীপুরে বিশাল ‘কফিন মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে চকবাজার জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের উত্তর স্টেশনে গিয়ে শেষ হয়।বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ সময় ‘হাদি হত্যার বিচার চাই’ এবং ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’ বলে স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব শায়েদুর রহমান রাফি, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ক্যাপ্টেন ইব্রাহীম ও জামায়াত-শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।সারা দেশের মতো বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতেও একই দাবিতে আজ দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠন। হাদির এই অকাল প্রয়াণকে কেন্দ্র করে সারাদেশে এক ধরণের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন