রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টানদের বড়দিন উদযাপন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:৫৫ পিএম

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টানদের বড়দিন উদযাপন

রাজশাহীতে আনন্দঘন পরিবেশ ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই মহানগরীর ডিঙ্গাডোবা চার্চসহ বিভিন্ন গির্জায় যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

খ্রিস্টান সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুরা নতুন পোশাকে এসব প্রার্থনায় অংশ নেন। ডিঙ্গাডোবা চার্চে আয়োজিত দীর্ঘ এক ঘণ্টার প্রার্থনায় বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে পরম করুণাময়ের কাছে বিশেষ মোনাজাত করা হয়।

প্রার্থনা সভা শেষে বড়দিনের আনন্দ ভাগ করে নিতে সবাই মিলে কেক কাটেন। পরে শুরু হয় নাচ ও গানের বর্ণিল উৎসব। গির্জাগুলোতে ধর্মীয় সঙ্গীতের মূর্ছনায় এক পবিত্র ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুধুমাত্র বড় চার্চগুলোতেই নয় বরং রাজশাহীর সিটি চার্চসহ অন্যান্য উপাসনালয়গুলোতেও যিশু খ্রিস্টকে স্মরণ করে ভক্তরা শ্রদ্ধা জানান। উৎসবের এই আমেজ শহর ছাড়িয়ে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোতেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পাড়ায় পাড়ায় রঙিন আলোকসজ্জা ও ক্রিসমাস ট্রি সাজিয়ে দিনটি উদযাপন করছেন তারা।ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির মতো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান।

এসময় তার সাথে রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপ জের্ভাস রোজারিওসহ জেলার বিভিন্ন গির্জার শীর্ষ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার উপস্থিত সবার সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতির এই ধারা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা যিশুর ত্যাগের মহিমা নিয়ে আলোচনা করেন।

বড়দিন উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মহানগরীর প্রতিটি গির্জা ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উৎসবের দিনটিতে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে বিশেষ খেয়াল রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। সব মিলিয়ে উৎসব, আনন্দ আর সম্প্রীতির মধ্য দিয়ে রাজশাহীতে এবারের বড়দিন কাটছে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে।