ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:০৭ এএম
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ পুনরায় ফেরি চলাচল শুরু করে।
এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।
কুয়াশার কারণে দিকনির্ণয় করতে না পারায় চালকরা মাঝ নদীতে ও ঘাটে ফেরি নোঙর করে রাখতে বাধ্য হন।
নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই রাতে ফেরি বন্ধ রাখা হয়েছিল।
কুয়াশা পরিষ্কার হওয়ার পর সকাল ৬টা থেকে নিয়মিত শিডিউলে ফেরি চলাচল করছে। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে মোট চারটি ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে যানবাহনের কিছুটা জটলা সৃষ্টি হলেও ফেরি চলাচল শুরু হওয়ায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে। যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন