রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পল্লী চিকিৎসককে পুড়িয়ে হত্যা; গ্রেপ্তার ৩

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ১০:২৯ এএম

পল্লী চিকিৎসককে পুড়িয়ে হত্যা; গ্রেপ্তার ৩

শরীয়তপুরের ডামুড্যায় পল্লী চিকিৎসক ও বিকাশ এজেন্ট খোকন দাসকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে র‍্যাব। টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা করার পর ভুক্তভোগী হামলাকারীদের চিনে ফেলায় তাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই ঘটনায় জড়িত তিন প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর র‍্যাব-৮ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার মধ্যরাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: ১. সোহাগ খান (২৭) - পিতা: বাবুল খান। ২. রাব্বি মোল্লা (২১) - পিতা: সামসুদ্দিন মোল্লা। ৩. পলাশ সরদার (২৫) - পিতা: শহীদ সরদার। তাদের সবার বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকায়।র‍্যাব জানায়, গত বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন দাস। তিনি একাধারে পল্লী চিকিৎসক এবং মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) এজেন্ট ছিলেন। পথিমধ্যে টাকার লোভে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে খোকন দাস হামলাকারীদের চিনে ফেলেন।

তখন নিজেদের পরিচয় গোপন রাখতে এবং প্রমাণ নিশ্চিহ্ন করতে তারা খোকন দাসের শরীরে ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।র‍্যাব-৮ এর অধিনায়ক শাহাদাত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

নিহতের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে এই তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।