জানুয়ারি ৭, ২০২৬, ০৩:৩৮ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার অত্যন্ত সুরক্ষিত স্থান হিসেবে বিবেচিত সোনালী ব্যাংকের শাখার ভেতরেই এক ব্যবসায়ীর টাকা চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ শহরের সোনালী ব্যাংক শাখা-২ এর অভ্যন্তরে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী কামাল হোসেন অভিনব কায়দায় তাঁর কষ্টার্জিত অর্থ হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন। চোর চক্রের সদস্যরা অত্যন্ত সুকৌশলে তাঁর ব্যাগ কেটে নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, কালীগঞ্জ শহরের চাপালী কুটিপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেন ব্যাংকিং প্রয়োজনে বুধবার দুপুরে ব্যাংকে যান।
তিনি ব্যাংক থেকে মোট চার লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর তিনি ক্যাশ কাউন্টারের পাশেই দাঁড়িয়ে কিছু টাকা গণনা করছিলেন এবং বাকি টাকা একটি ছোট হ্যান্ডব্যাগে রাখেন। ঠিক সেই সময়েই অজ্ঞাতপরিচয় চোর চক্রের সদস্যরা তাঁকে টার্গেট করে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, তিনজন ব্যক্তি সন্দেহজনকভাবে তাঁর আশেপাশে অবস্থান নেয়।
তাদের একজন কৌশলে একটি ফাইলের আড়ালে ব্যবসায়ীর হ্যান্ডব্যাগটি ঢেকে দেয় এবং মুহূর্তের মধ্যে ব্লেড বা ধারালো কিছু দিয়ে ব্যাগটি কেটে ফেলে।ব্যবসায়ী কামাল হোসেন জানান, তিনি টাকা গোছানোর কিছুক্ষণ পর খেয়াল করেন তাঁর হাতের ব্যাগটি কাটা এবং ভেতরে রাখা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নেই। বিষয়টি বুঝতে পেরেই তিনি ব্যাংকের কর্মকর্তাদের জানান এবং অনেক খোঁজাখুঁজি করেন।
কিন্তু ভিড়ের মধ্যে মিশে যাওয়া ওই তিন চোরকে আর ধরা সম্ভব হয়নি। পরে সিসিটিভি ফুটেজে তিনজনকে চুরির কাজে অংশ নিতে দেখা যায়। এই ঘটনায় তিনি আইনি সহায়তা চেয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন নিশ্চিত করেছেন যে অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাংকের মতো জায়গায় এমন চুরির ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন