জানুয়ারি ১০, ২০২৬, ০২:২৮ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পাটের গুদাম ভস্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদামগুলোতে থাকা প্রায় ১৮০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।মুকসুদপুর সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে অবস্থিত একটি পাটের গুদামে প্রথম আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশে থাকা আরও দুটি গুদাম গ্রাস করে নেয়। গভীর রাতে এমন ভয়াবহ আগুন দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
দীর্ঘ সময় আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে গুদামগুলোতে রাখা বিপুল পরিমাণ পাট পুড়ে কয়লা হয়ে যায়।এ অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পাট ব্যবসায়ী সুনীল সাহা, যার প্রায় ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে গেছে। এছাড়া নির্মল সাহার ১৭৫ মণ এবং ইকরাম মিয়ার প্রায় ৩০০ মণ পাট সম্পূর্ণ পুড়ে গেছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুনীল সাহা কান্নায় ভেঙে পড়ে বলেন, প্রতিদিনের মতো কাজ শেষ করে রাত ৮টার দিকে গুদাম বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না।
আমার সব শেষ হয়ে গেছে। আরেক ব্যবসায়ী ইকরাম মিয়া জানান, তিনি এই লোকসানে পুরোপুরি সর্বস্বান্ত হয়ে গেছেন।মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদি হাসান জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের ৪টি ইউনিট কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদাম ঘরের পেছনের কাঠের স্তূপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন