রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে স্কয়ারের বিনামূল্যে স্বাস্থ্য সেবা

আবু সালেহ মো রায়হান 

জানুয়ারি ১২, ২০২৬, ০৩:৩৩ পিএম

পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে স্কয়ারের বিনামূল্যে স্বাস্থ্য সেবা

ছবি-দিনাজপুর টিভি

হিমালয় পাদদেশের জেলা পঞ্চগড়ে হাড়কাঁপানো শীতে কাবু অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস। সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পেইন পরিচালনা করে প্রতিষ্ঠানটি।

সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই ক্যাম্পে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা প্রদান করা হয়।

স্বাস্থ্য পরীক্ষা শেষে রোগীদের প্রয়োজনীয় সব ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়।বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে এই অঞ্চলের দরিদ্র মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এমন সময়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। বিত্তশালী ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট লাঘব হবে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের রংপুর বিভাগীয় সেলস ম্যানেজার এসকে সাব্বিরুল ইসলাম এবং মেডিকেল অফিসার আজাদ হোসাইন। আয়োজকরা জানান, শীতকালীন রোগের প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং সচেতনতা বৃদ্ধিতে তাদের এই জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।