রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাঘাটায় বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপি দোয়া মাহফিল

মোস্তাফিজুর রহমান 

জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:১৫ পিএম

সাঘাটায় বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপি দোয়া মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাইবান্ধার সাঘাটায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ভরতখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে উপজেলার ভাঙ্গামোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

ভরতখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শওকত মির্জা রোস্তমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আলম সরকার। 

তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আজীবনের সংগ্রামের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মজিদুল ইসলাম টিক্কা, যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান ডাবলু, উল্যাবাজার বণিক সমিতির সভাপতি মাহমুদ হাসান ডিলু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শ্রী চয়ন কুমার এবং ভরতখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল সরকার।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মুসুল্লিরা অংশ নেন।