আবু সালেহ মো. রায়হান
জানুয়ারি ২২, ২০২৬, ০৪:০২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে উত্তরবঙ্গ সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান। কেন্দ্রীয় আমীরকে বরণ করতে এবং সফরের প্রথম জনসভা সফল করতে উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন করছে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠে জনসভার বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায়, ডেকোরেশন ও প্যান্ডেলের পাশাপাশি প্রচার-প্রচারণা ও শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন উপকমিটি মাঠে কাজ করছে।
এই জনসভাকে কেন্দ্র করে ১০ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।নেতাকর্মীরা জানান, ডা. শফিকুর রহমান এই জনসভায় সংসদ নির্বাচনে দলীয় ও জোটের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করবেন এবং আসন্ন গণভোটে `হ্যাঁ` এর পক্ষে দেশবাসীকে আহ্বান জানাবেন।
জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন বলেন, আমীরে জামাতের আগমণকে কেন্দ্র করে পঞ্চগড়ে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা একটি শান্তিপূর্ণ ও সফল জনসভার সব প্রস্তুতি গ্রহণ করেছি।পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেন, এই জনসভা শুধু নির্বাচনী প্রচারণাই নয়, বরং উত্তরবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নের এক বিশাল মাইলফলক হিসেবে কাজ করবে। ইনশাআল্লাহ, লক্ষাধিক মানুষের অংশগ্রহণে এটি একটি ঐতিহাসিক সমাবেশ হবে।