জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৫৪ এএম
ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল-২’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই একটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এর ফলে আপ ও ডাউন উভয় লাইনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুত্বপূর্ণ এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর বিভিন্ন স্টেশনে চট্টগ্রাম ও সিলেটগামী একাধিক আন্তঃনগর ও মেইল ট্রেন আটকা পড়েছে।
রাত ৩টা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় শীতের মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) তলব করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাইন সচল না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন