শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বিদেশি নাগরিক ফ্লাভিয়া

রবিউল এহ্সান রিপন

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:২২ পিএম

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বিদেশি নাগরিক ফ্লাভিয়া

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় যোগ হয়েছে নতুন মাত্রা। ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন নাহার বেগমের পক্ষে ভোট চাইতে রাজপথে নেমেছেন তার বিদেশি পুত্রবধূ ফ্লাভিয়া। ইতালিয়ান বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিকের প্রচারণা এখন পুরো এলাকায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

ফ্লাভিয়া জাতীয় পার্টির প্রার্থী নুরুন নাহার বেগমের ছেলে ব্যারিস্টার আরিফুলের সহধর্মিণী। শাশুড়ীর সমর্থনে তিনি বালিয়াডাঙ্গী ও হরিপুরের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং লাঙল প্রতীকে ভোট প্রার্থনা করছেন। ফ্লাভিয়ার সাবলীল উপস্থিতি এবং শাশুড়ীর জন্য ভোট চাওয়ার ভঙ্গি স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা রইসুল ইসলাম বলেন, “বিদেশি এক নারী লাঙল প্রতীকে ভোট চাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন—এটি দেখার জন্যই আমরা ভিড় করেছি। বিষয়টি বেশ কৌতূহলোদ্দীপক।”

নিজের অভিজ্ঞতা জানিয়ে ফ্লাভিয়া বলেন, “আমার শাশুড়ী অত্যন্ত আন্তরিক ও মিশুক মানুষ। তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। তার জন্য নির্বাচনী মাঠে প্রচারণায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। আশা করি ভোটাররা তাকে লাঙল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

প্রার্থী নুরুন নাহার বেগম বলেন, “আমার পুত্রবধূ ফ্লাভিয়া ইংল্যান্ড থেকে এসেছে শুধু আমার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। এর আগেও আমি নির্বাচন করেছি, তবে এবার ছেলে ও পুত্রবধূ যুক্ত হওয়ায় ভোটারদের মধ্যে আলাদা উৎসাহ দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ জয় লাঙল প্রতীকেরই হবে।”