মোস্তাফিজুর রহমান
ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:২৭ এএম
ছবি-দিনাজপুর টিভি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় স্কুল পর্যায়ে কিশোরীদের ঋতুকালীন স্বাস্থ্য উপকরণ সরবরাহ ও নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের দাবিতে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি এম.এ. সবুর দাখিল মাদ্রাসা মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। এসকেএস ফাউন্ডেশনের ‘সিআরইএ’ প্রকল্পের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এই গণজমায়েত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মুহাম্মদ আব্দুছ ছালাম আহমেদ বলেন, “সচেতনতার অভাব ও দারিদ্র্যের কারণে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ ব্যবহার করতে পারে না। এতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয় এবং বিদ্যালয়ে উপস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ে। সরকারিভাবে পর্যাপ্ত উপকরণ বরাদ্দ দেওয়া হলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে।”
মাদ্রাসা শিক্ষার্থী আশা মনি তার বক্তব্যে উল্লেখ করে, ঋতুকালীন স্বাস্থ্য উপকরণ ও যথাযথ ব্যবস্থাপনা না থাকায় চরাঞ্চলের মেয়েদের মাসে গড়ে ৩ থেকে ৪ দিন স্কুলে অনুপস্থিত থাকতে হয়। এটি তাদের পড়াশোনায় পিছিয়ে দিচ্ছে।
প্রজেক্ট অফিসার সুলতানা বাহার বলেন, শিক্ষার্থীদের ভাষ্যমতে মাসে ৩-৪ দিন অনুপস্থিত থাকলে বছরে প্রায় ৩৬ থেকে ৪৮ দিন ক্লাস মিস হয়। এর ফলে তারা শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকে, যা বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা তৈরি করে। তাই সহজলভ্য স্বাস্থ্য উপকরণ নিশ্চিত করা জরুরি।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন একাউন্টস এ্যান্ড অ্যাডমিন অফিসার সাবিনা ইয়াসমিন। উক্ত গণজমায়েতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।