রবিউল এহ্সান রিপন
ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:৪৬ এএম
ছবি-দিনাজপুর টিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল আংশিক) আসনে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম। এক রুদ্ধশ্বাস লড়াই শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে হারিয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে ডা. আব্দুস সালাম পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিম দাঁড়িয়ে পাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। ৫ হাজার ৩১০ ভোটের ব্যবধানে ডা. সালাম বিজয়ী হলেন।
এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির নুরুন নাহার বেগম (লাঙ্গল) ২ হাজার ৮৭৬ ভোট, গণঅধিকার পরিষদের ফারুক হোসেন (ট্রাক) ১ হাজার ৮৪৩ ভোট এবং এবি পার্টির নাহিদ রানা (ঈগল) ৪৫১ ভোট পেয়েছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ৪৩৭ ভোট এবং কমিউনিস্ট পার্টির প্রার্থী ৩৮০ ভোট লাভ করেছেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-২ আসনে মোট ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রদত্ত ভোটের হার ছিল ৭৩.০৪ শতাংশ। একই দিনে অনুষ্ঠিত গণভোটে এই আসনের ভোটাররা ‘জুলাই সনদ’-এর পক্ষে ১ লাখ ৫৩ হাজার ৫৩৯টি ‘হ্যাঁ’ ভোট এবং বিপরীতে ৬৮ হাজার ১৮২টি ‘না’ ভোট প্রদান করেছেন। ফলাফল ঘোষণার পর বালিয়াডাঙ্গী ও হরিপুর এলাকায় আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতা-কর্মীরা।